মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, “সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার পাশাপাশি বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়মসহ একাধিক মামলা চলছে। তিনি বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।”
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের বেশ কিছু অভিযোগে তদন্ত এগিয়ে চলছে। এর মধ্যে অন্যতম হলো ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের ঘটনা। গত ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন। একইসঙ্গে দুর্জয়ের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দুর্জয়ের আর্থিক লেনদেন এবং সম্পদগুলোর উৎস খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও তদন্ত চলছে।
দুর্জয়ের গ্রেপ্তারে মানিকগঞ্জ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় রাজনীতিকদের একাংশ বলছেন,
“দুর্জয়ের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তবে এতদিন তিনি প্রভাবশালী হওয়ায় অনেক মামলা ঝুলে ছিল। এবার হয়তো তদন্তের গতিতে পরিবর্তন আসবে।”
