রাজধানীর শাহবাগ মোড়ে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনী শেষ করে মিছিলের প্রস্তুতিতে থাকা নেতাকর্মীদের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিল শুরুর ঠিক আগে হঠাৎ বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ও বিভ্রান্তি তৈরি হয়। বিস্ফোরণের শব্দে জাদুঘরের আশপাশের জনসাধারণ দিগ্বিদিক ছুটতে শুরু করে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন,
“রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”
এর আগে বুধবার (২ জুলাই) রাতেও রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়ির কাছে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। দুইদিনের ব্যবধানে এনসিপির কর্মসূচিকে ঘিরে এমন ধারাবাহিক বিস্ফোরণে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
এনসিপির নেতারা দাবি করছেন, এসব হামলা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হচ্ছে। দলটির পক্ষ থেকে সরকারের কাছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।
শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।
