কক্সবাজার-১ আসনে ছাত্র-শিক্ষকের প্রতিদ্বন্দ্বিতা: অধ্যাপক মইনুলের মনোনয়নপ্রত্যাশা

সিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ আসনে একটি ব্যতিক্রমী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিপরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মইনুল আহসান খান।

অধ্যাপক মইনুল আহসান খান ইতোমধ্যে এনসিপির দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্রে তিনি উল্লেখ করেছেন, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার কোনো পদ-পদবি ছিল না। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই প্রতিদ্বন্দ্বিতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ সালাহউদ্দিন আহমদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং অধ্যাপক মইনুল সেই বিভাগের চেয়ারম্যান ছিলেন। ফলে কক্সবাজার-১ আসনে সম্ভাব্য নির্বাচন একটি ছাত্র-শিক্ষকের রাজনৈতিক মুখোমুখি লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে।

এর আগে ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের নাম চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

অধ্যাপক মইনুল আহসান খান দীর্ঘদিন ধরে মানবাধিকার, আইন ও আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে কাজ করে আসছেন। আন্তর্জাতিক পরিসরে তার সক্রিয়তা এবং শিক্ষাজীবনের অভিজ্ঞতা তাকে এই নির্বাচনী লড়াইয়ে একটি ভিন্নমাত্রা দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *