চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে একাধিক দফা হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ অন্তত চার দফা হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের উঠান বৈঠক চলাকালে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।
রাতে এম এ হান্নান দাবি করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় তিনি নিজে আহত হয়েছেন। এছাড়া সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
হামলার জন্য বিএনপির নামধারী নেতাকর্মীদের দায়ী করে এম এ হান্নান আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
