যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যমুনা ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দেন।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি আদায় না হলে তারা বাড়ি ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন।

তারা অভিযোগ করেন, অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট বাস্তবায়ন না হওয়ায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন সরকারি চাকরিজীবীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত ছিল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *