ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ৬ কর্মী গ্রেফতার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ছয়জন স্থানীয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভুইগড় পুরান বাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম (৪২), পিলকুনি এলাকার মো. সানি মোল্লা (২৪), মেম্বারপাড়া ধর্মগঞ্জ এলাকার মো. আবু বক্কর সিদ্দিক (৪৫), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে “সুইচ গিয়ার ফাহিম” (৩০) এবং পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)।

পুলিশ এর তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে ফতুল্লার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র, মোটরসাইকেল ও যোগাযোগের নথি উদ্ধার করা হয়, যা নাশকতা পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতেই রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন,

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযানের সঙ্গে যুক্ত ছিল এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *