ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে গত তিন মাসের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদক উদ্ধারের তথ্যও জানিয়েছে বাহিনীটি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ৩৩টি উপজেলায় বিশেষ নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনে কে-৯ ডগ স্কোয়াড ও আরসিভি (RCV) মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম।
তিনি জানান, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১টি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা অ্যামোনিশন ও ৩টি হাসুয়া।
এছাড়া অভিযানে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল চোরাচালান প্রতিরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ১৩ হাজার ৮৯৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃষি উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
