নীলফামারী-৪ আসনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি) ওই আসনের সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত পৃথক নোটিশে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন প্রার্থীর কাছে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘন করেছেন। অভিযোগে বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ থাকলেও তিনি ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ভোট চান।

অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকারের বিরুদ্ধে একই বিধিমালার বিধি-৭ (চ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা ফেস্টুনে ব্যবহার সংক্রান্ত বিধান অমান্য করা হয়েছে।

এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মুনতাকিমের বিরুদ্ধে বিধি-৭ (ঙ) লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণায় রঙিন লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মুনতাকিম জানান, অভিযোগের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তার ব্যাখ্যা নির্বাচন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন।
তবে এ বিষয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *