আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে নিজের ব্যাখ্যা জমা দেন। এ বিষয়ে তিনি জানান, তাকে কেন্দ্র করে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে অপসাংবাদিকতার শিকার হয়েছেন—এ কথা নির্বাচন কমিশনকে অবহিত করেছেন তিনি।
মামুনুল হক বলেন, তিনি কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছিলেন, তবে নিজের নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচারণা চালাননি। লিখিত জবাব পর্যালোচনা করে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ১৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি—এ মর্মে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
নোটিশে আরও বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ আগেই এ ধরনের কার্যক্রম নির্বাচনী প্রচারের শামিল, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
