টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা শঙ্কার বিষয়ে আলোচনায় বসতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল। তবে বৈঠক হলেও আগের অবস্থান থেকে সরবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বিকেলে মিরপুরে বিসিবি কার্যালয়ে আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বোর্ড কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ভারত ভেন্যু নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য ভেন্যু স্থানান্তর নিয়ে আলোচনা হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া ধাপে ধাপেই হয়েছে। প্রথমে চিঠি চালাচালি, এরপর ভার্চুয়াল বৈঠক—সবশেষ সরাসরি আলোচনার সিদ্ধান্ত এসেছে।
তিনি জানান, বোর্ডের অবস্থান একেবারে স্পষ্ট। বাংলাদেশ মনে করে, বর্তমান বাস্তবতায় ভারতে গিয়ে খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই এই অবস্থান থেকেই আলোচনা করা হবে।
ইফতেখার রহমান মিঠু আরও বলেন, ক্রিকেট বোর্ডের পাশাপাশি প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হতে পারে। তবে নিরাপত্তা প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। বিসিবির সভাপতি নিজেই পুরো বিষয়টি দেখভাল করছেন বলে জানান তিনি।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। বিশেষ করে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে সামনে আনে বিসিবি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আইসিসির সঙ্গে আলোচনা এখনো চলমান।
সবার নজর শনিবারের বৈঠকের দিকে। আলোচনা এগোলেও বাংলাদেশের নিরাপত্তা অবস্থান বদলাবে কি না, সেটাই ঠিক করবে বিশ্বকাপ ঘিরে পরবর্তী সমীকরণ।
