টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার (৯ জানুয়ারি) রংপুরকে ৯ রানে হারিয়ে চলতি আসরে খাতা খুললো দলটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নোয়াখালী। শাহাদত হোসেন দিপু ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে দ্রুত ২৫ রান ওঠে। তবে শুরুটা ধরে রাখতে না পেরে এক বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয় তারা। সৌম্য সরকার ৩১ এবং জাকের আলী অনিক ৩৮ রান করেন। রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩টি করে উইকেট।
১৪৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা সতর্কভাবে করে রংপুর। তবে তৃতীয় ওভারে লিটন দাসকে বোল্ড করে প্রথম ধাক্কা দেন হাসান মাহমুদ। এরপর দ্রুত ফিরে যান দাউইদ মালানও। মাঝের দিকে ইফতিখার আহমেদ ও তাওহীদ হৃদয়ের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে রংপুর। ৬৩ রানের এই জুটি ভাঙার পরই আবার চাপ বাড়ে।
শেষ দিকে খুশদিল শাহ কিছুটা লড়াই করলেও নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানেই থামে রংপুরের ইনিংস। নোয়াখালীর হয়ে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ—৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। জহির খান নেন ২টি উইকেট।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ হতাশার অবসান হলো নোয়াখালী এক্সপ্রেসের, স্বস্তির নিঃশ্বাস ফেললেন খেলোয়াড় ও সমর্থকরা।
