বিপিএল ফাইনালে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ফাইনালে ঠিক ১০০ রান করেন তামিম।
সেঞ্চুরি পূরণের পর ব্যাট উঁচিয়ে উদ্যাপনের মাধ্যমে নিজের ইনিংসটি স্মরণীয় করে তোলেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এককভাবে শীর্ষে উঠে যান তামিম। এতদিন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের সঙ্গে যৌথভাবে দুইটি করে সেঞ্চুরি ছিল তার নামের পাশে।
মিরপুরে ধীরগতিতে শুরু করে পাওয়ার প্লেতে ৪০ রান তোলে রাজশাহী। প্রথম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে ওঠে। সাহিবজাদা ফারহান শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সপ্তম ওভার থেকে তানজিদ হাসান তামিম হাত খুলে খেলতে শুরু করেন। ১০ ওভারের মধ্যেই ২৯ বলে ফিফটি পূরণ করেন তিনি। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।
ওয়ানডাউনে নামেন কেন উইলিয়ামসন। তামিমের সঙ্গে তার জুটি হয় ৫৩ রানের। ১৫ বলে ২৪ রান করে উইলিয়ামসন আউট হলে আবারও আগ্রাসী হয়ে ওঠেন তামিম। এক ওভারে তিনটি চার মেরে দলের রান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
৬১ বলে সেঞ্চুরি পূরণ করেন তামিম। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬২ বলে ৭টি ছয় ও ৬টি চারের সাহায্যে ১০০ রান করে আউট হন তিনি।
শেষদিকে জিমি নিশাম ৭ রান ও নাজমুল হোসেন শান্ত ১ রান যোগ করলে রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংস দাঁড়ায় ৪ উইকেটে ১৭৪ রান।
