আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে থাকছেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে এবারের ফিফা উইন্ডোতে বিশ্রাম দিতে চেয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। কোচের উদ্দেশ্য, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া।
তবে মার্টিনেজের অনুপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন জাগছে, তার স্থলাভিষিক্ত কে হবেন। সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ, অলিম্পিক ডি মার্সেইর জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফ্যাকুন্দো ক্যাম্বেসেস। স্ক্যালোনি এদের মধ্যে কাউকে মাঠে নামাবেন নাকি আরও তরুণ কোনো গোলকিপারকে সুযোগ দেবেন—এটা এখন দেখার বিষয়।
মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হলেও, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হিসেবে তার স্থান নিশ্চিত। কোচের পরিকল্পনা অনুযায়ী, এই প্রীতি ম্যাচ তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোর একটি সুযোগ হিসেবে ব্যবহার করা হবে।
লাতিন আমেরিকার দেশগুলো এই সময়ে বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার পর প্রীতি ম্যাচ খেলছে, আর অ্যাঙ্গোলা হবে আর্জেন্টিনার বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ।
