বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কড়া আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দেন। তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে বিসিবি পরিচালক পদ থেকে এম নাজমুল ইসলাম সরে না দাঁড়ালে ক্রিকেটাররা মাঠে নামবেন না।
এই ঘোষণার ফলে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে চলমান ও আসন্ন বিপিএলের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এর আগে তাকে ‘ভারতীয় দালাল’ বলেও আখ্যায়িত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পাশাপাশি ক্রিকেটারদের উদ্দেশে দেয়া আরও কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, নাজমুল ইসলামের ব্যক্তিগত বক্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় বিসিবি।
কোয়াবের দাবি, একজন পরিচালক থেকে এমন মন্তব্য দেশের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি খেলোয়াড়দের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই দ্রুত পদত্যাগই এ সংকটের একমাত্র সমাধান বলে মনে করছে সংগঠনটি।
নাজমুল ইসলামের পদত্যাগ ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট অঙ্গনে। সিদ্ধান্তে বিলম্ব হলে কোয়াবের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পথে এগুবে, যার ফলে বড় ধরনের অচলাবস্থায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট।
