বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৬০ প্রার্থী

স্পোর্টস ডেস্ক

2 Min Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬০ জন প্রার্থী। শনিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একদিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলে। উৎসবমুখর পরিবেশে অনেকে নিজে এসে আবার কেউ প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র নেন।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে এবার মনোনয়ন নিয়েছেন ২৫ জন।

এর মধ্যে ঢাকা থেকে তিনজন, চট্টগ্রাম থেকে পাঁচজন, খুলনা থেকে তিনজন, রাজশাহী থেকে চারজন, সিলেট থেকে তিনজন, রংপুর থেকে ছয়জন এবং বরিশাল থেকে একজন। ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা মিলিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন।

এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কিছু আলোচিত নামও। বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো আব্দুর রাজ্জাক মনোনয়ন নিয়েছেন। আলোচনায় রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবরও, যিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী নির্বাচনে কে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে সভাপতি পদে সম্ভাব্য লড়াই নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট মহল ও সাধারণ ভক্তদের মধ্যে।

কাউন্সিলরদের ভোটের সমীকরণেই গড়ে উঠবে বিসিবির নতুন নেতৃত্ব, যা আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *