টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগেই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ভিসা জটিলতায় পড়েছেন দলের প্রধান পেসার আলি খান। পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটারের ভারত ভ্রমণের ভিসা আবেদন নাকচ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
সোমবার (১২ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কেএফসি হাতে তোলা একটি ছবি পোস্ট করে আলি খান লেখেন,
ভারতের ভিসা মেলেনি, তবে কেএফসি তো মিলল।
তার এই পোস্টের মাধ্যমেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।
এর আগে থেকেই শঙ্কা ছিল— পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্ষেত্রে ভারতীয় ভিসা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে। আলি খানের ঘটনাই সেই আশঙ্কাকে বাস্তব রূপ দিল।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আলি খান। এখনো যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও, পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে তার দলে থাকা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছিল।
তবে ভিসা নাকচ হওয়ায় তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এর আগে ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য ভারতীয় ভিসা পেয়েছিলেন তিনি। ইনজুরির কারণে সে আসরে মাঠে নামা হয়নি তার।
আলি খানের পাশাপাশি যুক্তরাষ্ট্র দলের আরও কয়েকজন ক্রিকেটার— শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিনও একই ধরনের ভিসা সমস্যায় পড়তে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এই ক্রিকেটারদের ছাড়া যুক্তরাষ্ট্রের স্কোয়াড গঠন করাটা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ চাইতে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। এরপর চেন্নাইয়ে নেদারল্যান্ডস ও নামিবিয়ার মুখোমুখি হবে দলটি।
দ্রুত সমাধান না এলে যুক্তরাষ্ট্রও ভেন্যু পরিবর্তনের পথে হাঁটে কি না, সেটিই এখন দেখার বিষয়। নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে আগেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ।
