সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ইসহাক দার বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার ইন্তেকালে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও কূটনৈতিক মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর জানাজায় অংশগ্রহণকে আন্তর্জাতিক মহলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
