পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। পাকিস্তানের হয়ে ২১টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি খেলা আসিফ জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আসিফ আলির। একই বছর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে রান তাড়া করতে নেমে তার টানা তিন ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয়েছিল সেই বছরেই।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে টানা চার ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। পরের বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ঝড়ো ইনিংস পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দেয়।
কিন্তু এরপর ধীরে ধীরে ফর্ম হারাতে থাকেন আসিফ। ২০২২ বিশ্বকাপে ফাইনাল খেলা পাকিস্তান দলের অংশ হলেও সেভাবে প্রভাব রাখতে পারেননি। ধারাবাহিকতা না থাকায় এবং নতুন প্রজন্মের ব্যাটারদের উত্থানে আন্তর্জাতিক দলে আর ফেরার সুযোগ পাননি। শেষ উল্লেখযোগ্য আন্তর্জাতিক ম্যাচ ছিল ভারতের বিপক্ষে মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্বকাপের খেলা। ২০২৩ এশিয়ান গেমসে দ্বিতীয় সারির পাকিস্তান দলে কিছু ম্যাচ খেলেছিলেন তিনি।
অবসরের ঘোষণায় আসিফ বলেন, দেশের হয়ে খেলা তার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং গর্বের বিষয় ছিল। তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলে ক্রিকেটের প্রতি তার আবেগ বাঁচিয়ে রাখবেন।
