বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ–মালদ্বীপ প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত

স্পোর্টস ডেস্ক

2 Min Read

মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে মালদ্বীপে আয়োজন করা হলো বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ‘বিজয় দিবস ক্রিকেট কাপ–২৫’। শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, আবেগ ও উচ্ছ্বাস।

বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপে বসবাস করছেন প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি। দূর প্রবাসে থেকেও তারা হৃদয়ে ধারণ করেন লাল-সবুজের চেতনা। বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে এই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়, যা পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়।

ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ক্রীড়া কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ ক্রিকেট বোর্ডের সভাপতি মোহাম্মদ ফয়সাল, সহ-সভাপতি আহমেদ ইসহাকসহ ক্রীড়াঙ্গন ও কূটনৈতিক মহলের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার বলেন, এই ম্যাচ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক। এমন আয়োজন বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলাশেষে বিজয়ী মালদ্বীপ দলের অধিনায়ক মোহাম্মদ হাজী এবং রানার্সআপ প্রবাসী বাংলাদেশি একাদশের অধিনায়ক কায়সার আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রবাসী বাংলাদেশি একাদশের টিম ম্যানেজার মো. রাসেল ভবিষ্যতেও প্রবাসীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। সংশ্লিষ্টদের মতে, এমন আয়োজন প্রবাসীদের মানসিক শক্তি জোগানোর পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মালদ্বীপের জাতীয় ক্রিকেট মাঠে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা প্রমাণ করে—দূর প্রবাসেও বিজয়ের চেতনা কখনো ম্লান হয় না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *