ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি: যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনের প্রতি সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগ মোড়ে বিক্ষোভ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আবদুল্লাহ আল জাবের বলেন,

যারা ভাবছেন অল্প সময় ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন—তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। এই মাটিতে রক্তের সঙ্গে বেইমানি করলে বিচার করবে জনতা।

তিনি আরও বলেন, আন্দোলনের শুরু থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ বা আশ্বাস পাওয়া যায়নি। বরং নীরবতা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।

উপদেষ্টাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন,

হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন—নাম বলুন। কারা পরিকল্পনাকারী, বলুন। আমরা পাহারা দেব।

বিক্ষোভকারীরা এ সময় হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত এবং ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আবদুল্লাহ আল জাবের সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন,

জনগণের ম্যান্ডেটের কথা বলতে সরকারের লজ্জা হওয়া উচিত। শত শত হত্যার বিচার করতে না পারলে সেই দায় এড়ানো যাবে না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *