দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান নিরাপত্তা কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২–এর অগ্রগতি এবং দেশব্যাপী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবহিত করতেই এ জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সরকারের অবস্থান ও করণীয় তুলে ধরতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন ডাকছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
