আগামী দিনের সরকার কঠিন পরিস্থিতির মুখে পড়বে: মতিউর রহমান

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

3 Min Read

আগামী দিনের সরকারকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বিশেষ করে বিএনপি সরকার গঠন করলে তারা পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে—তা নিয়ে এখনই প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মতিউর রহমান বলেন, দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই শূন্যতা বিএনপির জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতি বিএনপির রাজনৈতিক প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান আগে দেশে ফিরলে দেশের জন্য কিছুটা হলেও ইতিবাচক হতো বলে মত দেন তিনি।

তিনি বলেন, গত এক বছর বিএনপির জন্য খুব একটা ভালো যায়নি, তবে সামনে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে দলকে আরও বিনয়ী ও দায়িত্বশীল হতে হবে। মতবিনিময় সভায় সবধরনের গণমাধ্যমকে আমন্ত্রণ জানানোকে বিএনপির ইতিবাচক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মতিউর রহমান বলেন, গত ১৫ বছর ধরে সংবাদমাধ্যমকে নানা ধরনের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। গোয়েন্দা সংস্থার চাপ, মালিকানা পরিবর্তনের চেষ্টা ও নানা হুমকির মুখে ছিল গণমাধ্যম। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার পর দুর্যোগের সময় দলমত নির্বিশেষে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তার মতে, সামনে কী ধরনের নির্বাচন হবে এবং দেশ কোন পথে যাবে—তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী দিনের সরকার সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, গত ৫০ বছরের সব সমস্যার ভার আগামী সরকারের ওপর এসে পড়বে। সেই চাপ সামাল দেওয়া সহজ হবে না। বিএনপি সরকার গঠন করলে তারা কতটা সফল হবে, তা নির্ভর করবে তাদের রাজনৈতিক কৌশল ও দূরদর্শিতার ওপর।

তিনি আরও বলেন, বিএনপি ব্যর্থ হলে শুধু একটি দল নয়, পুরো দেশ ভয়াবহ সংকটে পড়ে যাবে। ইতোমধ্যে সমাজে বিভাজন স্পষ্ট হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য আসছে—যা দেশকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

মতিউর রহমানের মতে, গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হলে বিএনপিকে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থানে দৃঢ় থাকতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *