বাবার কবর জিয়ারতের পথে তারেক রহমান, সাভারমুখী শ্রদ্ধার বহর

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি যাত্রা শুরু করেন।

দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরে বাবার কবর জিয়ারতের এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। জিয়া উদ্যানের কর্মসূচি শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন জেলা ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। অনেকেই প্রিয় নেতার এক ঝলক দেখার আশায় স্মৃতিসৌধগামী মহাসড়কের পাশে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

এই কর্মসূচিকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

স্থানীয় নেতারা জানিয়েছেন, শুক্রবার স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর এক্সপ্রেসওয়ে পর্যন্ত কয়েক লাখ মানুষের নজিরবিহীন উপস্থিতিতে ঢাকার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। পরে বিকেলে আয়োজিত গণসংবর্ধনায় তিনি দেশ গড়ার ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের প্রত্যয়ের কথা জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *