সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে দেশের জনগণ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, দেশ-বিদেশ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ অনুভূতির কথা জানান। তিনি লেখেন,
এই সময় দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তারেক রহমান বলেন, এই শোকের দিনগুলোতে তারা আরও স্পষ্টভাবে উপলব্ধি করেছেন যে বেগম খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন,
অনেকের কাছে তিনি ছিলেন নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছে।
বার্তায় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বল্প সময়ের মধ্যেই বেগম জিয়ার অন্তিম যাত্রা মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও শুভানুধ্যায়ীদের সহমর্মিতাকেও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন,
মায়ের শেষ বিদায়ে আপনাদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাঞ্জলি আমাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
বার্তার শেষাংশে তিনি দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে লেখেন,
দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন আমাদের পরিবার কখনোই ভুলবে না।
তিনি বলেন, শোক ও স্মরণের এই সময়ে মানুষের ভালোবাসা ও সংহতিই তাদের সামনে এগিয়ে চলার শক্তি হয়ে থাকবে।
