নির্বাচন জিতলে বিএনপির নেতৃত্বে কে থাকবেন, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

দুই মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ অসুস্থতা ও নানা রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে তিনি এখন অনেকটা আড়ালে। তবে আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবারও তাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, কিছু জটিলতা দূর হলে খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। যদি স্বাস্থ্য অনুকূলে থাকে, তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন। অন্যথায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলটি নির্বাচনে জয়ী হলে নেতৃত্বে কে থাকবেন—এই প্রশ্নে মির্জা ফখরুল বলেন,

যদি দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে উপযুক্ত মনে করেন, তাহলে তিনিই নেতৃত্ব দেবেন। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই থাকবেন দলের নেতৃত্বে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

নির্বাচনী ইশতেহার সম্পর্কেও তিনি বলেন,

ইশতেহারের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ৩১ দফার কাঠামো থাকবে, যার মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনা।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার আগে বা পরে নয়—কিছু সমস্যা সমাধান হলেই তারেক রহমান দেশে ফিরবেন বলে দলের অভ্যন্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজনৈতিক মহল মনে করছে, বিএনপি নেতৃত্বের এই ঘোষণাগুলো নির্বাচনের আগে দলের অবস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *