বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাতজন বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) এই তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—
ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং একই জেলার সাবেক সদস্য মো. আলি সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, গঠনতান্ত্রিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে, তাদের লিখিত আবেদন ও পর্যালোচনার পর দলীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
বিএনপি মনে করছে, এ সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে এই নেতারা দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হবেন।
