ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড আসলে একটি প্রতারণার প্যাকেজ, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সংকট কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডকেন্দ্রিক নয়; দেশের মূল সংকট হলো ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করা এবং লুটপাটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় সংকট হলো ঋণখেলাপি ও অর্থ লুটেরাদের বিচার নিশ্চিত না হওয়া। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এনসিপি সেই লক্ষ্যেই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা ও ইশতেহার প্রণয়ন করেছে।

একটি দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তাহাজ্জুদের নামাজের কথা বলে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে আহ্বান জানিয়ে মূলত কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে বা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

এদিকে একই জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের গণমাধ্যমে আবারও দলীয়করণের প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠান একদিকে হেলে পড়ছে এবং অতীতের মতো মিডিয়ার একটি অংশ দালালি ভূমিকা পালন করছে। তবে তিনি বলেন, অতীতে গণমাধ্যম ফ্যাসিবাদী শক্তিকে রক্ষা করতে না পারলেও জনগণ রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে—এ কথা ভুলে গেলে চলবে না।

জনসভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াত আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *