ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি ঠেকাতে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজবের বিস্তার রোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ রাখতে এই সেল সার্বক্ষণিক নজরদারি, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করছে।

এনসিএসএ সূত্র জানায়, বিশেষ সেলটি প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। লক্ষ্য একটাই—ভুয়া তথ্যের দ্রুত শনাক্তকরণ, উৎস খোঁজা এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ারের আগে তার উৎস যাচাই করার জন্য নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কোনো কনটেন্ট চোখে পড়লে দ্রুত এনসিএসএকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এনসিএসএ বলছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখা শুধু রাষ্ট্রের নয়, নাগরিকদেরও দায়িত্ব। দেশবিরোধী চক্রের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ভুয়া খবর, ফটো কার্ড বা ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সবাইকে এগিয়ে আসতে হবে।

সাইবার অপরাধ ও গুজব সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য এনসিএসএ’র ২৪ ঘণ্টার হেল্পলাইন ও ই-মেইল সেবা চালু রয়েছে।
অভিযোগ পাঠানোর জন্য ব্যবহৃত ই-মেইলগুলো হলো—

  • report_misinfo@ncsa.gov.bd : গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ
  • report_harassment@ncsa.gov.bd : ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও বা অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগ
  • report_cii@ncsa.gov.bd : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII)–সম্পর্কিত সাইবার হামলার অভিযোগ
  • notify@ncsa.gov.bd : দাফতরিক যোগাযোগ ও সাধারণ অভিযোগ
  • report_betting@ncsa.gov.bd : অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ

হেল্পলাইন নম্বর: +880241024060

এনসিএসএ’র মতে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, সচেতন ও বিশ্বাসযোগ্য রাখা সম্ভব।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *