কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কুতুবদিয়া পাড়া এলাকার প্রবাসী করিম উল্লাহর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নির শয়নকক্ষ থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ সময় মোস্তফা খাতুন মুন্নি (৩৩) নামের ওই নারীকে আটক করা হয়। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যৌথভাবে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী—এফআইআর নং-৫২, তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫; জিআর নং-৯২৯, একই তারিখে রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা হয়েছে।
আটক আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
