চবিতে সংঘর্ষে আহত শিক্ষার্থী মামুনের মাথায় সফলভাবে প্রতিস্থাপন করা হলো খুলি

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে তার নিজের খুলি। দুই মাস আগে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল, যা শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুনরায় স্থাপন করা হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন। তিনি জানান, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মামুন বর্তমানে শারীরিকভাবে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।

এ ঘটনায় আহত আরেক শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসক ইসমাঈল হোসেন বলেন,

অপারেশনের পর কিছু জটিলতা থাকায় বিষয়টি তখন প্রকাশ করা হয়নি। তবে এখন রোগীর অবস্থা ভালো। শিগগিরই দুজনকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানা যায়। ওই ঘটনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ৩০০ শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের সেই রক্তাক্ত রাতের পর দীর্ঘ চিকিৎসা আর অপেক্ষার পর অবশেষে জীবনের নতুন সূচনা পেয়েছেন মামুন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *