খুলনা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ: তিন আসামি হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

খুলনা জেলা কারাগারের ভেতরে দুই শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ই অক্টোবর)  সকালে কঠোর পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোট ভাই রাব্বি ও জিতুকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। কারা সূত্র জানিয়েছে, সংঘর্ষে জড়িত আরও কয়েকজনের নামের তালিকা তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরও ঢাকায় পাঠানো হবে।

জানা গেছে, শনিবার (১৮ই অক্টোবর) বিকেলে খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে কুখ্যাত ‘গ্রেনেড বাবু’ ও ‘পলাশ’ গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কারারক্ষীদের একটি অংশ কারাগারে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে ব্যস্ত থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে ঘণ্টা বাজিয়ে সতর্ক করা হলে দায়িত্বে থাকা কারারক্ষীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের পরপরই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

কারা প্রশাসনের একজন কর্মকর্তা জানান,

মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি কারা হেড কোয়ার্টারে জানানো হয়। প্রাথমিক তদন্তে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের পর্যায়ক্রমে হাই সিকিউরিটি জেলে পাঠানো হবে।

শনিবার বিকেলের ওই সংঘর্ষের পর থেকে খুলনা জেলা কারাগারে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও কারা অভ্যন্তরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কারা প্রশাসন বলছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ভেতরের নজরদারি ও ডিউটি রোস্টার আরও কঠোর করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *