সিলগালা করা কারখানাতেই ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ জনের

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর কেরানীগঞ্জে সিলগালা করা একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আগেই দুইবার আগুন লাগার ঘটনায় কারখানাটি বন্ধ করে দেওয়া হলেও পুনরায় চালু হওয়ার পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

তিনি জানান, কদমতলি এলাকার ‘মেসার্স সেজার্স গ্যাস প্রো’ নামের কারখানাটিতে এর আগে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তদন্ত শেষে কারখানাটি সিলগালা করা হয়। তবে কীভাবে বা কবে এটি পুনরায় চালু করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, কদমতলী চৌরাস্তায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত কারখানাটিতে দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সিলগালা করা কারখানা কীভাবে আবার চালু হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *