শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দলটি। বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ড তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের মূল কারণ শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুর্কি প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

তুরস্কের এই সহযোগিতা কেবল তদন্তকেই এগিয়ে নেবে না, বরং বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন,

বিমান নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশকে মূল্যবান সহায়তা দেবে।

তুর্কি দলের নেতৃত্বে ছিলেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন, আর বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেন।

এছাড়া বৈঠকে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একই দিন আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরকার ইতোমধ্যে একটি উচ্চ-স্তরের তদন্ত কমিটি গঠন করেছে, যারা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ, ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং ভবিষ্যতের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রণয়নের দায়িত্ব পেয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *