র‍্যাব-৯ এর অভিযানে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার বাজারসংলগ্ন পূর্ব প্রান্তে পরিচালিত অভিযানে আনুমানিক ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, বিগত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক হারে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের ঘটনা ঘটে। বিষয়টি একাধিকবার গণমাধ্যমে প্রকাশিত হলে তা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এই প্রেক্ষাপটে র‍্যাব-৯ এর সিপিএসসি সিলেট ইউনিট নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সময় গোপন সূত্রে খবর পায় যে ধোপাগুল এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর গোপনে মজুদ রয়েছে। খবরের ভিত্তিতে র‍্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত পাথরের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *