শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকা হতে সাময়িক সময়ের জন্য সরে গিয়ে কর্মসূচি পুনর্বিন্যাস করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নির্বিঘ্নে ওসমান হাদির কবর জিয়ারত করতে পারেন—সে লক্ষ্যে সাময়িকভাবে শাহবাগ থেকে সরে যাওয়া হয়েছে। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়।
সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১২টার পর পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়ার কথা রয়েছে। এর আগে রাতভর আন্দোলনকারীরা তীব্র শীত উপেক্ষা করে রাজপথেই অবস্থান করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা হয়নি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টার দিকে ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
