রাজধানীতে বাসে আগুন, নিহত ১

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানাধীন নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের বাসটি রাস্তার পাশে থামানো অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। বাসে থাকা দুইজন শ্রমিকের মধ্যে একজন দগ্ধ হয়ে প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দগ্ধ শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে গণপরিবহনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা নতুন নয়। জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যেও।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *