জামায়াত ক্ষমতায় গেলে দেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাত্রাবাড়ীতে সমবেত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়ী এলাকায় জনসমাগম বাড়তে থাকে। দুপুরের দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হলে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চান না জনগণ। যারা জনতার এই ভাষা বুঝতে পারছে না, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের তা বুঝিয়ে দেবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ। জামায়াত নিজে কখনো চাঁদাবাজি করবে না এবং কাউকে করতেও দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের উপেক্ষা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঘরে ও বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, কেউ কেউ পরাজয়ের আশঙ্কায় বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক করে জামায়াত আমির বলেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে তার কঠোর প্রতিক্রিয়া হবে।
