জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তথাকথিত ফ্যামিলি কার্ড ভুয়া এবং এগুলো ব্যবহার করা বেআইনি। যারা এসব কার্ড নিয়ে যাবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এক নির্বাচনী জনসভায় বক্তব্যে ডা. তাহের বলেন, চিফ ইলেকশন কমিশনার নিজেই বলেছেন—ফ্যামিলি কার্ড অবৈধ এবং এগুলো নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তিনি দাবি করেন, এসব কার্ডের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের চেষ্টা করছে এবং বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবক, তা মেনে নেবে না।
শুক্রবার বিকেলে কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামের চিওড়া স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। তিনি অভিযোগ করেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তাদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি।
তিনি বলেন, নির্ধারিত নির্বাচনের দিনে দেশের গতিপথ নির্ধারিত হবে এবং জনগণের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
