নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বাহরুল আলম বলেন, ‘আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা।’ তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে এবং নবীন কর্মকর্তারা তাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

পুলিশি পেশায় অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের পূর্ববর্তী কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই ভবিষ্যৎ পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে।’ বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক সক্ষমতা বা প্রচলিত পদ্ধতিতে পুলিশিং যথেষ্ট নয় উল্লেখ করে আইজিপি বলেন, এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা।

সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশের ভবিষ্যৎ নেতৃত্বকে ডিজিটাল পরিসরেও সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

এএসপি প্রবেশনারদের উদ্দেশে আইজিপি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং বিধিবিধানের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, মুসলেহ উদ্দিন আহমদ এবং সরদার নূরুল আমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬০ জন কর্মকর্তা ছাড়াও ২৮তম ও ৪৩তম ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *