দুর্নীতি দমনে বিএনপির অভিজ্ঞতা ও সক্ষমতা পরীক্ষিত: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

4 Min Read

দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও সুস্পষ্ট রাষ্ট্রপরিচালনার পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের জন্য কাজ করার সেই অভিজ্ঞতা বিএনপিরই রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বিকেল ৪টার দিকে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চে ওঠেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপিকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকার সময় ওই দলটিরও দুইজন সদস্য মন্ত্রী ছিলেন। বিএনপি যদি সত্যিই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি?

তারেক রহমানের মতে, তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন—তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এবং কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দিতেন না।

তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানই প্রমাণ করে যে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে ভয়াবহভাবে নিমজ্জিত ছিল। তবে ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণের পর দেশ ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করে।

তারেক রহমান আরও বলেন, যে দলটি আজ বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, সরকারের শুরু থেকে শেষ দিন পর্যন্ত তাদের দুই মন্ত্রীর বহাল থাকা সেই অভিযোগের অসারতাই প্রমাণ করে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলটির কাছে দেশ পরিচালনার একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। তার ভাষায়, বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে কীভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হয়, গ্রাম থেকে জেলা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হয়, শিক্ষার আলো প্রজন্মের হাতে তুলে দিতে হয় এবং দেশের মানুষকে নিরাপদ রাখতে হয়।

তিনি বলেন,

আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং দুর্নীতির লাগাম টানার বাস্তব অভিজ্ঞতা কেবল বিএনপিরই রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে ভোটের দিনের করণীয় তুলে ধরে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই ধর্মীয় দায়িত্ব পালন করে কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান শেষে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না, যাতে কোনোভাবেই ভোট লুটের সুযোগ না থাকে।

তিনি বলেন,

ভোট দিয়ে চলে আসলেই হবে না। ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে।

আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের পর জনগণের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সে সময় সবাইকে কোদাল নিয়ে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিকেল ৪টা ২৬ মিনিটে বক্তব্য শুরু করে বিকেল ৪টা ৫২ মিনিটে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন তিনি। এরপর তার গাড়িবহর গাজীপুরের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় জনসভাস্থলে ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন স্লোগান শোনা যায়। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *