ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম জিরো পয়েন্ট এলাকায় হওয়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই উত্তেজনা। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন। তাদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, গ্রাম থেকে শহরে এসে নেতাকর্মীরা বিশৃঙ্খলা করবে তা মেনে নেওয়া হবে না। দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, আবু তালেবও একই দাবি জানান যে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
