বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের স্বাধীনতাকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পাকিস্তানের সাথে শুধুমাত্র ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে—এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে এক হয়ে মুক্তিযুদ্ধ করেছে, আর সেই যুদ্ধের ফলেই এসেছে স্বাধীনতা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু আরও বলেন,
পাকিস্তান আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে। সেই শোষণ থেকে মুক্তি পেতেই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাকে অস্বীকার করে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
এ সময় তিনি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিরও সমালোচনা করেন। তার মতে, দেশের সাধারণ মানুষ এই পদ্ধতি বোঝে না। তিনি বলেন,
যে ভোট পদ্ধতিতে আমরা অভ্যস্ত, সেইভাবেই নির্বাচন হলে জনগণ সহজে অংশ নিতে পারবে। অপ্রয়োজনীয় জটিল পদ্ধতির দরকার নেই।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতারা।
