আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া বক্তব্যে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নিয়ে দেওয়া একটি বক্তব্যের জেরে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, তার বক্তব্যকে “ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে,” যা অত্যন্ত দুঃখজনক।

বিকেলে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় মির্জা ফখরুল বলেন,

আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।

তিনি তার প্রতিশ্রুতির পরিধি স্পষ্ট করে বলেন,

আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে (মোহাম্মদপুর) হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিবো। কিন্তু দেশব্যাপী হয়রানীমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।

বিএনপি মহাসচিব দেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের এই বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান।

এর আগে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত হয়।

ওই সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন,

আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মি. আলমগীর ওই বক্তব্যে একাধিকবার উল্লেখ করেন,

যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।

তবে পরে ব্যাখ্যায় নিশ্চিত করা হয়েছে যে, ওই প্রতিশ্রুতি কেবল স্থানীয় প্রসঙ্গেই সীমাবদ্ধ।

বিএনপি মহাসচিব দেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *