রাজশাহীতে ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ওয়াসা ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। শতাধিক কর্মচারী এতে অংশ নেন এবং দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তাদের দাবি অবিলম্বে না মানা হলে নগরীর সব ওয়াসা পাম্প অপারেটরা কর্মবিরতিতে যাবে।
রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম বলেন,
আমরা কোনো অতিরিক্ত দাবি করছি না। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আমাদের চাকরি স্থায়ী করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন,
বছরের পর বছর আমরা রাজশাহী ওয়াসার জন্য কাজ করছি, অথচ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। হাইকোর্ট স্পষ্টভাবে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে বলেছেন, তবুও তা বাস্তবায়ন হয়নি, যা অন্যায় ও অমানবিক।
সমাবেশে বক্তারা আরও বলেন, বহু কর্মচারী দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন, কিন্তু নিয়মিত বেতন কাঠামো ও চাকরির নিশ্চয়তার সুযোগ থেকে বঞ্চিত। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী তাদের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়েছে।
