মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় সজল দেব নাথ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুন্দরপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল হক সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া শিক্ষার্থী কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত সজল দেব নাথ দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
ঘটনার দিন ১ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রবিরবাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সজল দেব নাথ জোরপূর্বক ওই শিক্ষার্থীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিক্ষার্থীর সন্ধান না পেয়ে গত ৬ জানুয়ারি কুলাউড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তার বাবা।
মামলার প্রেক্ষিতে র্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাটে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত সজল দেব নাথকে গ্রেফতার করে।
গ্রেফতার সজল দেব নাথ কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
