তারেক রহমানকে নিয়ে কটূক্তি: কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা খারিজ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। আগের দিন বুধবার (১৮ নভেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা মামলার আবেদনটি দাখিল করেছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও শেষ পর্যন্ত আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে সিদ্ধান্ত দেন।

মামলার আবেদনে বলা হয়েছিল— ১২ নভেম্বর এক ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান মন্তব্য করেন,

বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এর তিন দিন পর কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন, যেখানে লেখা ছিল—

৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।

বাদীপক্ষের দাবি ছিল, এই বক্তব্যের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানের সম্মান, গৌরব, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

বাদীরা আরও জানান, ৮৮ কোটি টাকায় কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি— ফলে আসামির দাবি পুরোপুরি মিথ্যা। তাদের অভিযোগ, জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিভ্রান্তিকর পোস্টটি করা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

সব নথিপত্র ও জবানবন্দি পর্যালোচনা শেষে সাইবার ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। ফলে শাহিন মাহমুদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়নি, এবং আইনি প্রক্রিয়াটি আপাতত এখানেই শেষ হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *