জাতীয় সরকার প্রস্তাব নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক ফেসবুক পোস্ট

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকারের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে এই বক্তব্যকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

৩১ জুলাই বেলা ১২টা ১১ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ প্রস্তাবে সম্মতি দেননি। তিনি নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন।

নাহিদ ইসলাম বলেন,

  • ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারের প্রস্তাবনা দেওয়া হয়।
  • পরবর্তী ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব বিএনপিকে জানানো হয়, যেখানে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
  • ৭ আগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায় উপদেষ্টা পরিষদ ও অন্তর্বর্তী সরকার নিয়ে সরাসরি আলোচনা হয়।

তিনি আরও অভিযোগ করেন, শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন যে ছাত্রশক্তির গঠন শিবিরের নির্দেশনায় হয়েছিল—এটি ‘মিথ্যাচার’। নাহিদ ইসলামের ভাষ্য, গুরুবার আড্ডা পাঠচক্র, ঢাবি ছাত্রঅধিকার থেকে পদত্যাগ করা অংশ এবং জাবির একটি স্টাডি সার্কেল মিলে ছাত্রশক্তির জন্ম হয়। প্রকাশ্য ও অপ্রকাশ্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ থাকলেও শিবির তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল না।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়েও বিস্তারিত লিখেছেন।

  • ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়েরের নেতৃত্বে একটি গোষ্ঠী সেনা অভ্যুত্থানের চেষ্টা করে এবং ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করে যাতে তারা একদফা সরকার পতনের ঘোষণা দেয়।
  • তিনি দাবি করেন, তাদের অবস্থান ছিল স্পষ্ট—ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা সেনা-সমর্থিত গ্রুপের হাতে দেওয়া যাবে না, কারণ এতে ‘এক-এগারোর পুনরাবৃত্তি’ হতে পারে।
  • তিনি সায়ের গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানো, কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহনন ও অপপ্রচারের অভিযোগ তোলেন।

নাহিদ ইসলাম শেষমেশ সতর্ক করে দেন, কারা ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা করতে চাইছে এবং গোষ্ঠীস্বার্থে কাজ করছে, তা ভবিষ্যতে প্রকাশ করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *