বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনীতিতে জোটভিত্তিক আলোচনা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র অবস্থান এখন রাজনৈতিক মহলে কৌতূহলের কেন্দ্রবিন্দু।
সবাই জানতে চায়—বিএনপি না জামায়াত, কার সঙ্গে জোটে যাবে এনসিপি? নাকি এককভাবেই অংশ নেবে নির্বাচনে?
জোট নাকি একক লড়াই? এনসিপির অভ্যন্তরে মতবিভেদ
দলটির ভেতরে এখন চলছে হিসাব–নিকাশ। এক পক্ষের মত, জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতা করা যেতে পারে। অন্য পক্ষ বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বা আসন ভাগাভাগির পক্ষে।
দুই দল—বিএনপি ও জামায়াত—উভয়ের সঙ্গেই ইতিমধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে বলে জানা গেছে। তবে দলের কিছু নেতা মনে করেন, কোনও জোটে না গিয়ে এনসিপির নেতৃত্বে স্বতন্ত্র জোট গঠনই হতে পারে সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত।
দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, যদি সংসদের উচ্চকক্ষ গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু হয়, তাহলে এনসিপি জোটে না গিয়ে এককভাবেই নির্বাচনে অংশ নিতে পারে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,
আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, সময় আসলেই সিদ্ধান্ত নেবো।
বিএনপির সঙ্গে সম্পর্ক—আসলে টানাপোড়েন
এনসিপি গঠনের শুরু থেকেই জামায়াতের সঙ্গে এক ধরনের সখ্যতা থাকলেও বিএনপির সঙ্গে সম্পর্ক বরাবরই ছিল বৈরী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ‘জুলাই সনদ’ ইস্যু ঘিরে জামায়াতের সঙ্গেও টানাপোড়েন তৈরি হয়েছে, যা স্পষ্ট হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে।
অন্যদিকে, বিএনপির সঙ্গে সম্পর্কও সুখকর নয়। রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তী সরকার, কিংবা ছাত্র উপদেষ্টাদের ভূমিকা—এসব বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য বেড়েছে।
বিএনপি নেতাদের প্রকাশ্যে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে, আবার এনসিপি নেতারাও বিভিন্ন সভায় বিএনপিকে আক্রমণ করেছেন।
তবু, পর্দার আড়ালে চলছে যোগাযোগ। এনসিপির কিছু নেতা জানিয়েছেন, বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে দলের ভেতরে দুটি ভিন্ন অবস্থান রয়েছে।
প্রথম পক্ষ মনে করে, যদি বিএনপি অন্তত ৩০–৪০টি আসন ছাড়ে, তাহলে জোটে যাওয়া যেতে পারে।
দ্বিতীয় পক্ষ আশঙ্কা করছে, বিএনপি আসন ছাড়লেও অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, যা এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন,
এখনো বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। নির্বাচনের আগে মাঠের বাস্তবতা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াতের সঙ্গে সম্ভাবনা ও দ্বিধা
সেপ্টেম্বরে জামায়াতসহ ছয়টি দল যৌথ আন্দোলনে নামলেও দাবি নিয়ে মতবিরোধ তৈরি হয়। এরপর ১৭ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এনসিপি–জামায়াতের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পায়।
পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের আন্দোলনকে “রাজনৈতিক প্রতারণা” বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। পাল্টা প্রতিক্রিয়া জানায় জামায়াতের নেতারাও।
তবে বাস্তব রাজনীতির হিসাবটা অন্যরকম।
এনসিপির একাংশ মনে করে—জামায়াত জোটে গেলে বেশি আসন ছাড়তে পারে এবং বিদ্রোহী প্রার্থীও দাঁড়াবে না, ফলে সমঝোতা বাস্তবসম্মত হবে।
অন্য পক্ষের মতে, জামায়াতের সঙ্গে জোট করলে রাজনৈতিক ‘ট্যাগ’ দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একজন শীর্ষ এনসিপি নেতা জানিয়েছেন, দলের একজন ছাত্র উপদেষ্টাও জামায়াতের সঙ্গে জোট না করার পক্ষে অবস্থান জানিয়েছেন।
তবে সারজিস আলম জানিয়েছেন,
জামায়াতসহ একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে। এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন,
সময় গেলেই স্পষ্ট হবে কে কার সঙ্গে যাচ্ছে। এনসিপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা খোলা।
‘মধ্যপন্থী জোট’ ভাবনায় এনসিপি
‘জুলাই সনদ’-এর নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হলেও, সংসদের উচ্চকক্ষ গঠনে আনুপাতিক পদ্ধতি নিয়ে এখনও মতভিন্নতা রয়েছে।
এনসিপি মনে করছে—যদি সরকার ও দলগুলো পিআর ব্যবস্থায় একমত হয়, তাহলে তারা বিএনপি–জামায়াতের বাইরে গিয়ে ‘মধ্যপন্থী স্বতন্ত্র জোট’ গঠনের চেষ্টা করবে।
একজন কেন্দ্রীয় নেতা জানান,
আনুপাতিক ভোট পদ্ধতি চালু হলে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবো, এমনকি বিএনপি বা জামায়াতের বিদ্রোহী অংশকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।
আগেও এনসিপি ও নুরুল হকের গণঅধিকার পরিষদ–এর মধ্যে একীভূত হওয়ার আলোচনা হয়েছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি।
সারজিস আলম বলেন,
আমরা এককভাবে বা স্বতন্ত্র জোট গঠন করে ৩০০ আসনে প্রার্থী দিতে পারি। অনেকেই এনসিপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী।
বিশ্লেষকদের অভিমত
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি একটি উদীয়মান দল হিসেবে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।
লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন,
এনসিপি যদি বড় দলের ছায়ায় না গিয়ে এককভাবে লড়ে, শুরুতে ফলাফল হয়তো সীমিত হবে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের রাজনৈতিক অবস্থান দৃঢ় হবে।
এনসিপি এখন রাজনৈতিক দ্বিধাবিভক্তির মোড়ে—বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন, জোটের লাভ–ক্ষতির হিসাব, আর একক লড়াইয়ের স্বপ্ন—সব মিলিয়ে দলের সামনে জটিল সমীকরণ।
কোন পথে যাবে এনসিপি, তা নির্ভর করছে আসন্ন নির্বাচনী বাস্তবতা ও রাজনৈতিক মঞ্চের পরবর্তী ঘটনাপ্রবাহের ওপর।
সূত্র: বিবিসি বাংলা নিউজ
