ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতকে বাদ দিয়ে চার ইসলামি দলের নতুন জোট গঠনের সিদ্ধান্ত

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতকে বাদ দিয়ে চার ইসলামি দলের নতুন জোট গঠনের সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চারটি প্রভাবশালী ইসলামি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বজায় রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ইসলামপন্থি ঐক্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দীর্ঘ আলোচনা হয়। এতে অংশগ্রহণকারী নেতারা নির্বাচনকে সামনে রেখে একটি বাস্তবসম্মত কৌশল ও সাংগঠনিক ঐক্যের উপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৈঠকে চারটি দল ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও মৌলিক সংস্কার বাস্তবায়নের বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামি মূল্যবোধকে ভিত্তি করে একটি কার্যকর রাজনৈতিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জোটে জামায়াতে ইসলামীর অন্তর্ভুক্ত না থাকার বিষয়ে নেতারা সরাসরি কিছু না বললেও, তাদের আলোচনা ও কৌশলগত অবস্থান থেকে স্পষ্ট যে, তারা এখন আলাদা পথ বেছে নিচ্ছেন।

নির্বাচনী মাঠে ইসলামি রাজনীতির পুনর্গঠন ও স্বাধীন রাজনৈতিক বলয়ের প্রয়োজনীয়তা অনুভব করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *