বিএনপি চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন “চাঁদাবাজদের দলে” পরিণত হয়েছে এবং মুজিববাদের নতুন পাহারাদার শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, এই ‘নতুন পাহারাদারদের’ প্রতিহত করতে হবে এবং তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে।

রবিবার পটুয়াখালীতে এনসিপির ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি, মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি দেখা যাচ্ছে। আর তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব আমরা জনসমর্থন দিয়েই দেব।”

তিনি দাবি করেন, এনসিপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। “গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, সেই একই সিস্টেম—দুর্নীতি মাফিয়াদের নেটওয়ার্ক, সেনাবাহিনী, আমলাতন্ত্র—এখনও আমাদের বিরুদ্ধে সক্রিয়।”

ডিজিএফআইসহ দেশের বিভিন্ন ‘স্টাবলিশমেন্ট’ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার ভাষায়, “অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে দেশের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে বারবার বিভাজন তৈরি করা হচ্ছে, যাতে আমরা দুর্বল হয়ে যাই।”

নাহিদ ইসলামের এমন বক্তব্যে পটুয়াখালীর পথসভায় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে উত্তেজনা ছড়ান। এনসিপির ‘জুলাই যাত্রা’ চলবে দেশের বিভিন্ন জেলায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *